মিথ্যা প্রোপাগান্ডার অভিযোগে ক্ষোভ প্রকাশ করলেন উপদেষ্টা আসিফ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তাঁর ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগ এনেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাই ও কায়কোবাদ সাহেব জোট বেঁধে নিজেদের প্রভাবাধীন একটি টিভি চ্যানেলের মাধ্যমে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছেন।”

তিনি অভিযোগ করেন, “জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে ভিকটিম হিসেবে উপস্থাপন করা হচ্ছে। মুরাদনগরে তিন খুনের ঘটনায় অভিযুক্ত একজনকেও আমার সঙ্গে জড়ানো হয়েছে, অথচ আমি বা আমার পরিবারের কেউ গত তিন মাস ধরে এলাকায় যাইনি।”

উপদেষ্টা আরও বলেন, “এই প্রোপাগান্ডা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কায়কোবাদ পরিবার আমার সম্ভাব্য প্রার্থীতা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে।”

ফেসবুক পোস্টে নিজের আর্থ-সামাজিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি লেখেন, “আমি কোনো এস্টাবলিশমেন্টের অংশ নই। আমার নেই অর্থনৈতিক সামর্থ্য। শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে সেটাও করা যাবে না।”

তিনি অভিযোগ করে বলেন, “মিডিয়া যদি কারো নিয়ন্ত্রণে থাকে, তাহলে যেকোনো কাউকে খলনায়ক বানানো যায়। যারা হত্যা মামলার আসামি, তারাই এখন গণমাধ্যমে ভিকটিম; আর আমি হচ্ছি ভিলেন।”

এ বিষয়ে এখনো অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।