‘শাপলা’ প্রতীকে অটল অবস্থানে ইসি, বিকল্প প্রতীকের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা’ প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আগের অবস্থানেই অটল রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এনসিপিকে তা দেওয়ার সুযোগ নেই। কমিশন স্ববিবেচনায় অন্য কোনো প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।”

‘শাপলা’ ইস্যুতে তিনি আরও বলেন, “কমিশন এরইমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে, এবং এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব আসেনি। তাই কমিশন পূর্বের সিদ্ধান্তেই রয়েছে।”

নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব জানান, “যদি শতকরা হিসেবে বলি, তাহলে আমরা এখন প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ প্রস্তুত। রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন শেষ হলে প্রস্তুতি শতভাগে পৌঁছাবে।”

তিনি বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী কমিশনের দুটি ক্ষেত্রে কিছুটা ধীরগতি রয়েছে—একটি রাজনৈতিক দল নিবন্ধন, অন্যটি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন। “২২টি রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে বিবেচনাযোগ্য মনে করা হয়েছে এবং মাঠপর্যায়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ চলছে,” জানান তিনি।

পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন বিষয়ে আখতার আহমেদ বলেন, “দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর পর্যালোচনা চলছে। আশা করছি, এই সপ্তাহেই তা শেষ হবে।”

বিএনপির আরপিও সংশোধনে আপত্তি প্রসঙ্গে তিনি জানান, “বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয়ে আছে। কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।”

আরপিও সংশোধনের প্রক্রিয়া সম্পর্কে ইসি সচিব বলেন, “কমিশন সংশোধন প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে—যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য, ভাষাগতভাবে সামান্য সংশোধনযোগ্য, রাজনৈতিক ঐকমত্য ছাড়া সম্ভব নয়, বিদ্যমান আইনে নির্ধারিত এবং কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য।” তিনি জানান, উপদেষ্টা পরিষদ ইতিমধ্যে প্রস্তাবনাটিতে নীতিগত সম্মতি দিয়েছে।