শ্রীনগরে পুকুরে ডুবিয়ে যমজ দুই শিশুকন্যাকে হত্যা

জেলা প্রতিনিধি :

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিবন্দি গ্রামে পুকুরে ডুবিয়ে সাত মাস বয়সী যমজ দুই শিশুকন্যা—লামিয়া ও সামিহাকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই মৃত শিশুদের বাবা সোহাগ শেখ (২৮) ও মা শান্তা বেগম (২৪) একে অপরকে হত্যার জন্য দায়ী করেন। পুলিশ তাদের দুজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, দুই বছর আগে বিবন্দির দিনমজুর সোহাগের সঙ্গে বিয়ে হয় মজিদপুর দয়হাটা গ্রামের শাহ আলমের মেয়ে শান্তার। ৫ মাস আগে তাদের ঘরে জন্ম নেয় যমজ কন্যাসন্তান। সন্তান জন্মের পর থেকেই পরিবারে কলহ চলছিল। মাঝে শান্তা বাবার বাড়িতে চলে গেলেও সম্প্রতি স্বামীর বাড়িতে ফিরে আসেন।

সোমবার রাত ৮টার দিকে সোহাগের ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে জানতে পারেন, দুই শিশু কন্যাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। দ্রুত পুকুর থেকে শিশুদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক জানান, পুকুর থেকে তোলার আগেই তাদের মৃত্যু হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিনথিয়া নূর বলেন, “দুই শিশুর পেটভর্তি পানি ছিল।”

শিশুদের চাচা সাকিব শেখ জানান, ঘটনার পর শান্তা জানান তার স্বামীই সন্তানদের পুকুরে ফেলে দিয়েছেন। অন্যদিকে সোহাগের দাবি, তার স্ত্রীই সন্তানদের হত্যা করেছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হুদা খান জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।