নিজস্ব প্রতিবেদক:
কয়েকদিনের টানা ভ্যাপসা গরম আর দমবন্ধ করা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী। রোববার (২৪ মে) বিকেলের ঝুম বৃষ্টিতে কিছু সময়ের জন্য হলেও হাঁফ ছেড়ে বাঁচেন নগরবাসী। একই সঙ্গে ঈদ সামনে রেখে কেনাকাটা ও ঘরমুখো মানুষের যাত্রায় সাময়িক ভোগান্তিও তৈরি হয়।
রোববার দুপুরের পর থেকেই ঢাকার আকাশে কালো মেঘ জমতে শুরু করে। এর সঙ্গে বইতে থাকে ঝোড়ো বাতাস। বিকেল ৪টার দিকে শুরু হয় বৃষ্টি। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় টানা বর্ষণ দেখা যায়।
বাংলামোটর, মগবাজার, হাতিরঝিল, কারওয়ান বাজার, মহাখালীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে সড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে। কোথাও কোথাও সাময়িক জলজটও তৈরি হয়। তবে কয়েকদিনের অসহনীয় গরমের পর শীতল বাতাস আর বৃষ্টির ছোঁয়ায় স্বস্তি ফিরে আসে নগরজীবনে।
ঈদকে সামনে রেখে কেনাকাটা কিংবা বিভিন্ন কাজে বাইরে বের হওয়া মানুষদের কেউ কেউ বিপাকে পড়েন। বিশেষ করে ফুটপাত ও সড়কের পাশে পসরা সাজিয়ে বসা ভাসমান দোকানিদের মালামাল সরিয়ে নিতে হিমশিম খেতে দেখা যায়। তবুও অনেক পথচারীকে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যেতে দেখা গেছে। তাদের মুখেও ছিল স্বস্তির ছাপ।
এদিকে ঈদ উপলক্ষে যারা ইতোমধ্যে বাড়ির পথে রওনা হয়েছেন, তাদের জন্যও বৃষ্টিটি কিছুটা প্রশান্তি নিয়ে আসে। তপ্ত গরমের ক্লান্তি কাটিয়ে স্বস্তিদায়ক আবহাওয়া অনুভব করেন যাত্রীরা।
আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালীসহ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।











