অবৈধ মজুদ রোধে কড়া নির্দেশ খাদ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক:

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য মজুদ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত চলতি আমন সংগ্রহ ২০২৪-২৫’র লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় তিনি বরিশাল বিভাগের জেলা প্রশাসক, আরসি ফুড ও ডিসি ফুডদের চলতি আমন মৌসুমের খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। এছাড়া, কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ নিশ্চিত করার পাশাপাশি অ্যাপস ব্যবহারে কোনো সমস্যার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে ধান সংগ্রহ করার পরামর্শ দেন।

খাদ্য উপদেষ্টা অবৈধ খাদ্য মজুদ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন এবং সংশ্লিষ্ট মিল মালিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে খাদ্য সংগ্রহের আহ্বান জানান।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কৃষকদের সহায়তায় ধান ও চালের সংগ্রহমূল্য প্রতি কেজিতে ৩ টাকা বাড়িয়েছে। নতুন মূল্য অনুযায়ী ধানের সংগ্রহ মূল্য ৩৩ টাকা, সিদ্ধ চাল ৪৭ টাকা এবং আতপ চাল ৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান ও সিদ্ধ চাল আগামী ২৮ জানুয়ারি এবং আতপ চাল ১৫ মার্চ পর্যন্ত সংগ্রহ করা যাবে।

সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, চলতি আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ সন্তোষজনক এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।