অব্যবহৃত ডেটা আর নষ্ট হবে না, আসছে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর এসেছে। অব্যবহৃত ডেটার মেয়াদ আনলিমিটেড করার বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। এতে কোটি কোটি গ্রাহকের দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানের আশা তৈরি হয়েছে।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, দেশের প্রায় ১১ কোটি ৩৫ লাখ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর চাহিদা ও ব্যবহারের ধরন ভিন্ন হওয়ায় অপারেটরদের বিভিন্ন ধরনের প্যাকেজ তৈরি করতে হয়।

 

মন্ত্রী জানান, মেয়াদ শেষে অব্যবহৃত ডেটা বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। “গ্রাহক স্বার্থ সুরক্ষায় এ সমস্যা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে,” বলেন তিনি। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর সমাধান খোঁজা হচ্ছে বলেও উল্লেখ করেন।

 

জ্বালানি ও অবকাঠামোগত ব্যয়ের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, মোবাইল ইন্টারনেট সেবার উচ্চ স্থাপন ও পরিচালন ব্যয়ের কারণে অপারেটররা সাধারণত মেয়াদভিত্তিক ছোট ছোট প্যাকেজ দেয়। “মেয়াদ নির্ধারণ শুধু ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, এর সঙ্গে টেকনিক্যাল, অর্থনৈতিক ও নেটওয়ার্ক ব্যবস্থাপনার বিষয় জড়িত,” বলেন তিনি। বিশ্বের অধিকাংশ দেশেই এমন পদ্ধতি চালু রয়েছে বলেও জানান মন্ত্রী।

 

তবে গ্রাহকদের স্বস্তির দিক তুলে ধরে তিনি বলেন, কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কিনলে বা অটো রিনিউ করলে অব্যবহৃত ডেটা ক্যারি ফরওয়ার্ড করার সুযোগ রয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদি, প্রায় ১০ বছরের ডেটা প্যাকেজও বাজারে রয়েছে, যা এক অর্থে আনলিমিটেড মেয়াদের সুবিধা দেয়।

 

ইন্টারনেট সেবার মানোন্নয়নেও সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, গ্রাহক সুরক্ষা নিশ্চিত করতে কোয়ালিটি অব সার্ভিস নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। মোবাইল ইন্টারনেটের গতি ও মান পর্যবেক্ষণে নিয়মিত ড্রাইভ টেস্ট পরিচালনা করা হচ্ছে।

 

একই সঙ্গে দেশে আধুনিক প্রযুক্তির বিস্তারও বাড়ানো হচ্ছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৪০০টির বেশি জায়গায় সীমিত পরিসরে ফাইভজি সেবা চালু করা হয়েছে বলে জানান তিনি।