অনলাইন ডেস্ক:
ছোটপর্দার জনপ্রিয় মুখ আরশ খান এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে পা রাখলেন ব্যবসায়। ‘হিজ অ্যান্ড হেয়ার সেলুন’ নামে নতুন একটি প্রতিষ্ঠান চালু করেছেন তিনি। শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন এই অভিনেতা।
দীর্ঘদিনের ইচ্ছার কথাও জানিয়েছেন আরশ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “অনেক দিনের ইচ্ছা ছিল নিজের একটা ব্যবসা থাকবে। আলহামদুলিল্লাহ ছোট পরিসরে শুরু করেছি।” নতুন এই সেলুনের মাধ্যমেই তার উদ্যোক্তা জীবনের সূচনা হলো।
নিজের শেকড়ের কথাও ভুলে যাননি এই অভিনেতা। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কথা বিবেচনায় রেখে সেবার মূল্য নির্ধারণ করেছেন বলে জানান তিনি। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য যেন সেবা সহজলভ্য হয়, সে বিষয়টিও গুরুত্ব দিয়েছেন।
সবশেষে সবার কাছে দোয়া চেয়েছেন আরশ খান। তার ভাষায়, “আমাকে সুযোগ করে দেবেন যেন সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।” তার এই উদ্যোগ ইতোমধ্যেই সহকর্মী ও ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন অনেকেই, তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আরশ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আমার বিরহে অভ্যস্ত হইও না’ ও ‘শ্রাবণের রূপকথা’ নাটক। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া তার ‘আতকা’ সিরিজটিও দর্শকদের নজর কাড়ে।











