অর্থনীতি পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, ভুল তথ্যের বিরুদ্ধে প্রতিরোধ এবং অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস।

আজ (বুধবার) রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিনাইফার নওরোজিসহ একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। তারা অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে দেশের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে অ্যালেক্স সোরোস বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানকে ‘নতুন যাত্রার সুযোগ’ বলে অভিহিত করেন। এছাড়া, তারা জুলাই গণঅভ্যুত্থানের বিচার, রোহিঙ্গা সংকট, নতুন সাইবার নিরাপত্তা আইন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে পাচারকৃত প্রায় ২৩৪ বিলিয়ন ডলার ফেরত আনার উদ্যোগে সহায়তা করার আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি ‘বিপর্যস্ত ও যুদ্ধবিধ্বস্ত’ অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে এবং পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

এছাড়া, ফাউন্ডেশন বাংলাদেশের এলডিসি উত্তরণে ভূমিকা রাখতে চায় বলে জানায়, যা প্রধান উপদেষ্টা স্বাগত জানান। তিনি বলেন, ‘‘আমাদের ভাবতে হবে, কীভাবে কোনো জটিলতা ছাড়াই উত্তরণ সম্ভব।’’