অনলাইন ডেস্ক:
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবার জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমারের নতুন সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ‘পুষ্পা ২’-এর সাফল্যের পর আল্লু অর্জুন আবারও বড় বাজেটের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের পারদ অনেকটা ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।
জানা গেছে, সিনেমাটির শুটিং আগামী অক্টোবর মাসে শুরু হতে পারে। ইতোমধ্যে আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি কুমারের আলোচনা চূড়ান্ত হয়েছে। এই ছবিতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে, যিনি এর আগে ‘দেবরা’ সিনেমায় অভিনয় করে দক্ষিণী দর্শকদের নজর কেড়েছেন। বর্তমানে তিনি রাম চরণের আসন্ন ছবিতেও কাজ করছেন।
অ্যাটলি কুমার ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে বিশাল সফলতা পেয়েছেন এবং এবার তিনি আরো বড় পরিসরে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। তিনি ভারত ও আন্তর্জাতিক বাজারে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করছেন। ‘জওয়ান’ এর পর অ্যাটলি আরও বড় তারকাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, এবং তিনি সালমান খান ও হৃতিক রোশনের সঙ্গেও নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
এটি আল্লু অর্জুন ও অ্যাটলি কুমারের প্রথম একসাথে কাজ করা। শিগগিরই নির্মাতাদের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।











