অসংক্রামক রোগ মোকাবেলায় সরকারের ৩৫ মন্ত্রণালয়ের একজোট ঘোষণা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আজ ৩৫টি মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “অসংক্রামক রোগ শুধু স্বাস্থ্য খাতের নয়, এটি আমাদের জাতীয় উন্নয়ন ও ব্যক্তি জীবনের জন্য বড় চ্যালেঞ্জ। তাই এর সমাধানে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “এই যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করতে আমরা নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হলাম।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের হাতে যৌথ ঘোষণাপত্র তুলে দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই আয়োজনে উপদেষ্টারা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ঘোষণাপত্রে ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত অসুখসহ অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া টেকসই চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্যকর জীবনধারা গঠনে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়।