আঁখি আলমগীরের জন্মদিনে নতুন গান

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র আঁখি আলমগীর, যিনি আজও স্টেজ শো’তে অনন্য। গতকাল, ৬ জানুয়ারি ছিলো তার জন্মদিন। ১৯৭৪ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন আঁখি আলমগীর। সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা এই গায়িকা, তার পিতা নন্দিত অভিনেতা আলমগীর এবং মাতা খোশনূর আলমগীরের কাছ থেকে পেয়েছেন সঙ্গীত ও শিল্পের প্রতি গভীর ভালোবাসা।

এবারের জন্মদিন উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘জানের জান’, যা লিখেছেন রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন এবং সুর করেছেন পুণম মিত্র। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে কোরিওগ্রাফি করেছেন বেলাল ও হিরা, আর মডেল হিসেবে দেখা যাবে দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী ও শিশির সরদারকে।

আজ, ৭ জানুয়ারি, গানের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয়। সেখানেই প্রকাশ হবে গানটি রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে।

এছাড়া, আঁখি আলমগীর বাংলাদেশের একমাত্র সঙ্গীতশিল্পী, যিনি অভিনয় ও গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ছোটবেলায় ‘ভাত দে’ সিনেমার শিশুশিল্পী হিসেবে পুরস্কৃত হওয়ার পর বড় হয়ে গায়িকা হিসেবে এম এ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় প্লেব্যাক করার জন্যও পুরস্কৃত হন। তার সঙ্গীত ক্যারিয়ার শুরু হয় ১৯৯৪ সালে ‘বিদ্রোহী বধূ’ সিনেমার প্লেব্যাক দিয়ে এবং ১৯৯৭ সালে তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’ প্রকাশিত হয়।