আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান পরিচালনার অধিকার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো ব্যক্তি বা গ্রুপের অধিকার নেই কোনো ধরনের অভিযান পরিচালনা করার।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর ফারইস্ট ভবনে টুরিস্ট পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন। এক সাংবাদিকের মব জাস্টিস (জনতার নিজ উদ্যোগে বিচার) সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি একমত না, তবে যেখানে এসব ঘটনা ঘটে সেগুলোর প্রতি নজর দেওয়া হচ্ছে এবং সেগুলোর সাথে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে জড়িত। জনসাধারণকে সচেতন হতে হবে, কারণ জনগণ যদি উশৃঙ্খল হয়ে যায়, তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তবে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী সব সময় এই ধরনের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে, যাতে মব জাস্টিস বা এরকম ঘটনা ভবিষ্যতে না ঘটে।

ছাত্র জনতা কোনো অভিযান পরিচালনা করতে পারবে কিনা—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো ব্যক্তির কোনো অধিকার নেই অভিযানে অংশ নেওয়ার।

তিনি আরও উল্লেখ করেন, হাইওয়েতে ডাকাতি বন্ধ করার জন্য ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঈদ উপলক্ষে সড়কে চাঁদাবাজি ও ছিনতাই বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

দেশে অপরাধের রেড জোন সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি জানান, ঢাকা-রাজশাহী ও টাঙ্গাইল জোনে অপরাধ বেশি হচ্ছে, তাই সংশ্লিষ্ট জেলা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা আরো বেশি তৎপর থাকে এবং অপরাধ রোধে কার্যক্রম চালিয়ে যায়।