ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

আওয়ামী লীগের বিচার ও হাসিনার ফাঁসির দাবিতে দেশজুড়ে এনসিপির ৩৯ দিনের কর্মসূচি

প্রকাশিত: 19 November 2026, 10:45 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে এ কর্মসূচি পালন করবে দলটি, যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শীর্ষ নেতারাও।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এই দীর্ঘ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ঘোষণা করা পাঁচ দফা দাবি তুলে ধরে আখতার হোসেন জানান, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে, জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া তরান্বিত করতে হবে, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় করতে হবে এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।

এ সময় আখতার হোসেন আরও বলেন, আওয়ামী লীগ স্বত্বাগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন ও ফ্যাসিবাদী গোষ্ঠী। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এনসিপির পক্ষ থেকে আমরাও সংসদে এবং রাজপথে বলে আসছি সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে, কতিপয় ব্যক্তির বিচার হচ্ছে এবং সেটি ঢিমেতালে চলছে।

প্রধানমন্ত্রী কর্তৃক সংসদে ঐক্যের আহ্বানের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন, কিন্তু সেটি কীসের ভিত্তিতে হবে তা পরিষ্কার করা প্রয়োজন। আওয়ামী সন্ত্রাসী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দেশের যেকোনও রাজনৈতিক দল গোষ্ঠী প্ল্যাটফর্মের সঙ্গে আমরা ঐক্যের প্রয়োজন অনুভব করি।

আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, গোপালগঞ্জে আপনারা দেখেছেন থানায় হামলা করা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের লোকজন মহড়া দিচ্ছে, মানুষের ওপর হামলা করছে। আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। শুধু তাই নয়, গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসন্ত্রাস করেছে দলটি।

গুরুত্বপূর্ণ এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য ড. আতিক মুজাহিদ, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত এবং রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।

সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই রাজনৈতিক পর্ষদের পূর্বঘোষিত ওই বৈঠকে অংশ নিয়েছিলেন। এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে এই সভায় যুক্ত হন। এ ছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপিও এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন