গোপালগঞ্জে জামায়াত নেতার পদত্যাগ, বললেন ‘দায়িত্ব পালন করা সম্ভব নয়’
নিজস্ব প্রতিবেদক:
ব্যক্তিগত কারণ দেখিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন আবুল কালাম শেখ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, আমাকে এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে আমি তিন মাস আগে আমার দায়িত্বশীলদের বলেছিলাম, আমি এ দায়িত্ব পালন করতে অপারগ এবং আমি পদত্যাগ করলাম।
তিনি বলেন, তবে বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় আমি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানালাম। আমি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলাম কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।
এই নেতা বলেন, আমার ওপর কোনও চাপ নেই, কোনও ভয়ভীতিও নেই। আমি নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।
