ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন নুরুল ইসলাম নাহিদ, ফাঁস হলো হোয়াটসঅ্যাপ বার্তা

প্রকাশিত: 19 November 2026, 10:54 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের মরিয়া চেষ্টা করেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পাশাপাশি একাধিকবার কলও করেছিলেন তিনি, তবে শেখ হাসিনা কোনো বার্তার উত্তর দেননি এবং তার ফোনও রিসিভ করেননি।

গত ৬ নভেম্বর দুপুর ১টা ২৪ মিনিটে শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান নাহিদ। সেখানে তিনি লেখেন, ‘আপা, আমার সালাম নেবেন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আপনার সঙ্গে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ স্ক্রিনশটটি আসল কিনা—সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, তারা নুরুল ইসলাম নাহিদের মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাবেন। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে সঠিক তথ্য জানা সম্ভব হবে।

এর আগে, গত ১৮ নভেম্বর দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ।

রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতে ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হয়ে লড়ে হেরে গিয়েছিলেন নুরুল ইসলাম নাহিদ। পরবর্তীতে ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর তার রাজনৈতিক উত্থান ঘটে; এরপর সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান। এর পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্যের পদ হারান নুরুল ইসলাম নাহিদ।

এরই মধ্যে গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রাথমিক তদন্তে নুরুল ইসলাম নাহিদের নামে বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের খোঁজ মেলে। অন্যদিকে, তার স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের হদিস পাওয়া যায়।

তাদের নামে বা বেনামে থাকা প্রকৃত সম্পদ, এসব সম্পদ কীভাবে অর্জিত হয়েছে এবং আয়ের বাইরে কতটা সম্পদ রয়েছে—তা যাচাই করতে দুদক আইন অনুযায়ী সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন