অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরকে গ্রেফতার করার পর কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানিয়েছেন, শিশিরকে শনিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। এরপর তাকে নরসিংদী ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার তাকে নরসিংদী আদালতে হাজির করা হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
শিশিরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের পক্ষ থেকে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আদালতে নথি আনয়ন সাপেক্ষে পরবর্তী শুনানি করা হবে।
রবিবার সকাল সাড়ে ১০টায় পুলিশি নিরাপত্তায় শিশিরকে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে দুপুরে কারাগারে পাঠানো হয়।







