ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

প্রকাশিত: 19 November 2026, 10:47 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এসব নোট বাজারে ছাড়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ১০০ টাকার নোটের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না; আগের নকশার নোটই বাজারে প্রচলিত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। কিন্তু গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের কারণে নোট পরিবহনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণেই নির্ধারিত সময়ে নোট বাজারে ছাড়ার কার্যক্রম পিছিয়ে দিতে হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, আগামী সপ্তাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পরিবহনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই নতুন নকশার নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন নকশার নোট ছাপানো ও সরবরাহের পুরো প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ। প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময়ের প্রয়োজন হয়। এছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে নোট ছাপানোর কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নোট পৌঁছানোর পর পর্যায়ক্রমে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। ফলে গ্রাহকরা ব্যাংক থেকে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট সংগ্রহের সুযোগ পাবেন।

তবে নতুন নকশার নোট বাজারে এলেও ১০০ টাকার নোটের ক্ষেত্রে আপাতত কোনো পরিবর্তন আসছে না। আগের নকশার ১০০ টাকার নোটই বাজারে সরবরাহ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নকশার নোট বাজারে আসার ফলে প্রচলিত মুদ্রাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে। তবে এসব নোট বাজারে ছাড়ার ক্ষেত্রে নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

মন্তব্য করুন