অনলাইন ডেস্ক:
জাপানি সংবাদমাধ্যম এনএইচকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি জানান, পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। তবে, নির্বাচনের নির্ধারিত তারিখ জনগণের সংস্কারের চাহিদার ওপর নির্ভর করবে।
ড. ইউনূস বলেন, “আমরা যখন ক্ষমতায় এসেছি, তখনকার পরিস্থিতি বিবেচনা করলে অন্তর্বর্তী সরকার অনেক দূর এগিয়েছে।” তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক জাতিতে পরিণত হওয়ার জন্য নির্বাচন অপরিহার্য পদক্ষেপ।”
সাক্ষাৎকারে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়েও কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, “তরুণরা যা করতে চায়, তা হলো তাদের সৃজনশীল শক্তি প্রদর্শন করে এবং তা বিশ্বব্যাপী ভাগ করে নেওয়া।” তিনি আশা প্রকাশ করেন, “ফলে আমাদের মাথায় এই লক্ষ্যটি আছে, দেখুন আমরা কীভাবে এগিয়ে যাই।”
এছাড়া, জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. ইউনূস বলেন, “জাপান আমাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধান উন্নয়ন সহযোগী।” তিনি উল্লেখ করেন, “জাপানের প্রযুক্তি এবং বিনিয়োগ তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে।”
সাক্ষাৎকারে ড. ইউনূস আরও বলেন, “জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী।” তিনি উল্লেখ করেন, “বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।”
সাক্ষাৎকারের সময় ব্রিটিশ এমপি রূপা হক এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।
এছাড়া, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপ-মন্ত্রিপরিষদ ইকুইনা আকিকো। তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার এবং ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছেন











