আচরণবিধি লঙ্ঘনের শাস্তি পেলেন হেনরিখ ক্লাসেন

অনলাইন ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেনকে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি দেয়া হয়েছে। তাকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আউট হওয়ার পর স্টাম্পে লাথি মারার জন্য এই শাস্তি দেয়া হয়।

আইসিসির কোড অফ কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘনের জন্য ক্লাসেনকে এই শাস্তি দেয়া হয়েছে। ম্যাচ শেষে অনফিল্ড আম্পায়ার ক্লাসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন। ক্লাসেন অভিযোগ মেনে নেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। ব্যাট হাতে দুর্দান্ত খেলছিলেন ক্লাসেন, তখন তিনি ৯৭ রানে ছিলেন। কিন্তু বাউন্ডারির সীমানায় ক্যাচ তুলে দেন এবং ইরফান খান তা তালুবন্দি করেন। সেঞ্চুরি মিস হওয়ায় এবং দলের হার নিয়ে হতাশ হয়ে ক্লাসেন স্টাম্পে লাথি মারেন।

এই ম্যাচে পাকিস্তানের তিন ব্যাটার অর্ধশতক তুলে ৩৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৪৮ রানে অলআউট হয়ে যায়। প্রোটিয়াদের হয়ে একাই লড়াই করেছেন হেনরিখ ক্লাসেন। দ্বিতীয় ওয়ানডে হারার পর দক্ষিণ আফ্রিকা সিরিজে হেরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তৃতীয় ওয়ানডেতে হোয়াইট ওয়াশ এড়াতে পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা।