প্লেব্যাক থেকে বিরতির গুঞ্জন উড়িয়ে শাহরুখের ‘কিং’ দিয়ে নতুন গানে ফিরছেন অরিজিৎ

অনলাইন ডেস্ক:

চলতি বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সংগীতপ্রেমীদের চমকে দিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। তার সেই ঘোষণায় বিশ্বজুড়ে থাকা অসংখ্য ভক্ত বিস্মিত হন এবং বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার কিছুদিনের বিরতি ভেঙে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এই তারকা। বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন ‘কিং’ ছবিতে গান গেয়েছেন অরিজিৎ। গুঞ্জন রয়েছে, আগামী ২ নভেম্বর অভিনেতার ৬১তম জন্মদিনেই মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত এই ছবির প্রথম গান।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’ ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে দিন দিন। এ বার ছবিটির প্রথম গান প্রকাশের খবর সেই উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে পর্দায় শাহরুখ ও অরিজিতের জনপ্রিয় জুটি ফের একবার ফিরে আসছে, এই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অনুরাগীরা।

প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ২ নভেম্বর গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পরিকল্পনা সাজিয়েছেন নির্মাতারা। এমনকি ছবির প্রচার পর্বেও এই গানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। যদিও এখন পর্যন্ত ছবির নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে নির্ধারিত সময়েই গানটি আসার জোরালো সম্ভাবনা রয়েছে। আর ছবিটির ট্রেলার আরও কিছুটা সময় পর প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন শাহরুখ খান। সেই সময় এক অনুরাগী তাকে ‘কিং’ ছবির গান প্রকাশের অনুরোধ জানান। উত্তরে অভিনেতা জানান যে, অরিজিৎ সিং তখন গানটির শেষ মুহূর্তের কাজ করছিলেন। নিজের বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, অরিজিৎ একজন পারফেকশনিস্ট, তাই তিনি নিজের মতো করে গানটিকে নিখুঁত ও পরিপাটি করে তুলতে কিছুটা সময় নিচ্ছেন। শাহরুখের এই মন্তব্য থেকেই মূলত ছবিটিতে অরিজিতের গান থাকার বিষয়টি প্রথম প্রকাশ্যে এসেছিল।

নির্মাতা সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসি এবং অভয় বর্মাকে। এই প্রজেক্টের অন্যতম বড় আকর্ষণ হলো অভিনেতা শাহরুখ খান ও তার কন্যা সুহানার প্রথমবার একসঙ্গে পর্দায় উপস্থিতি। পাশাপাশি, ব্যবসাসফল ছবি ‘পাঠান’-এর পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কাজ করছেন শাহরুখ।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে প্রতীক্ষিত এই চলচ্চিত্রটির।