আজ বিকেলে উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক গণসমাবেশে এই ঘোষণাপত্র উন্মোচন করা হবে, যেখানে উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানের সংশ্লিষ্ট সব পক্ষ।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

এ অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই ঘোষণাপত্র’-এর খসড়া চূড়ান্ত করেছে, এবং এটি আজ (মঙ্গলবার) জাতির সামনে উপস্থাপন করা হবে।

এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক মহল ও নাগরিক সমাজের মধ্যে তীব্র আগ্রহ বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, এটি দেশের চলমান পরিস্থিতিতে একটি নতুন দিকনির্দেশনা দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।