আনচেলত্তির কাঁধে কি পড়ছে ব্রাজিলের দায়িত্ব

অনলাইন ডেস্ক:

ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ইতোমধ্যে কার্লো আনচেলত্তির সাথে আলোচনা পাকা করে ফেলেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। আসন্ন জুনে ব্রাজিলের বিশ^কাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল জাতীয় দল ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। সিবিএফ আশাবাদী যে, ওই সময় ইতালিয়ান ম্যানেজার আনচেলত্তি ডাগ আউটে দাঁড়িয়ে থাকবেন।

রিয়াল মাদ্রিদের সাথে আনচেলত্তির চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত চলবে, তবে চলতি মৌসুম শেষে আর মাদ্রিদে থাকছেন না তিনি। কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে পরাজয়ের পর সিবিএফের দুই প্রতিনিধির সাথে আনচেলত্তির আলোচনা ইতিবাচক অগ্রগতি লাভ করেছে। ইএসপিএন সূত্রে জানা গেছে, আনচেলত্তি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে প্রাথমিক সম্মতি দিয়েছেন, এবং সিবিএফ আশা করছে যে ৬৫ বছর বয়সী এই কোচ ২৬ মে রিও ডি জেনেইরোতে আসবেন, ঠিক লা লিগার শেষ ম্যাচের দুই দিন পর।

রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সাথে আলোচনা শেষে আনচেলত্তি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিবেন বলে শোনা যাচ্ছে। রিয়ালের ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত আনচেলত্তি সান্তিয়াগো বার্নাব্যুতে দুই মেয়াদে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা জয় করেন। তবে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করেছে। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হারের পর, গত শনিবার কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনার কাছে পরাজিত হয় তারা। বর্তমানে লা লিগার টেবিলে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ থেকে চার পয়েন্টে এগিয়ে।

ব্রাজিল বর্তমানে কোচবিহীন অবস্থায় রয়েছে। মার্চ মাসে আর্জেন্টনার বিপক্ষে কনমেবল বাছাইপর্বে লজ্জাজনক পরাজয়ের পর কোচ ডোরিভাল জুনিয়রকে বরখাস্ত করে সিবিএফ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বর্তমানে বাছাইপর্বের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। আগামী ৪ জুন ইকুয়েডর এবং ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

যদি আনচেলত্তি সেই সময়ের মধ্যে রিয়াল মাদ্রিদ ছাড়েন, তবে লস ব্ল্যাঙ্কসকে ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণের জন্য নতুন কোচ নিয়োগ দিতে হবে, কিংবা অন্তর্বর্তী কোচ নিয়োগ করা হবে। কোপা দেল রে ফাইনালের পর আনচেলত্তি বলেছেন, “আমি রিয়ালে থাকব কি না, সেটা এখন আলোচনার বিষয় নয়, তা আগামী কয়েক সপ্তাহে নির্ধারিত হবে।”