অনলাইন ডেস্ক:
হলিউড অভিনেত্রী আনা দে আরমাস আবারও শিরোনামে। টম ক্রুজের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই এবার নতুন এক চমক দিয়েছেন তিনি। সূত্র বলছে, আনা এবার যোগ দিচ্ছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে। যদিও এখনো তার চরিত্র সম্পর্কে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, তবে এটি হবে এমসিইউ-তে তার প্রথম কাজ।
সম্প্রতি ‘ব্যালেরিনা’ ছবিতে দুর্দান্ত অ্যাকশন পারফর্মেন্সের মাধ্যমে আলোচনায় আসেন আনা। সেখানে তাকে দেখা গেছে কিয়ানু রিভসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে তিনি ‘ইভা মাকারো’ চরিত্রে অভিনয় করেন, যিনি বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে একদল খুনির বিরুদ্ধে লড়েন। নিজের চরিত্র নিয়ে আনা বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের একটি বড় মুহূর্ত। কিয়ানুর সঙ্গে আবার কাজ করাটা আমাকে আমার যাত্রাপথের দিকে ফিরে তাকানোর সুযোগ দিয়েছে।’
মার্ভেলের নতুন এই অ্যাভেঞ্জার্স ছবি মূলত ২০১৯ সালের ‘এন্ডগেম’-এর পরবর্তী অধ্যায়। পূর্বে ঘোষিত ‘ক্যাং ডাইনাস্টি’র পরিবর্তে এখন ‘ডুমসডে’ নামেই ছবিটি আসছে। এতে পুরনো ও নতুন অ্যাভেঞ্জার্সদের একত্রে দেখা যাবে, এমনকি ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর সদস্যরাও থাকছেন।
অভিনেতাদের তালিকায় রয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওর্থ, টম হিডলস্টন, অ্যান্থনি ম্যাকি, পল রাড, ফ্লোরেন্স পিউ, পেদ্রো পাস্কাল, ভেনেসা কার্বি, জোসেফ কুইন প্রমুখ। প্রাক্তন এক্স-মেন তারকারাও ফিরছেন এই প্রজেক্টে। ২০০০ সালের ‘এক্স-মেন’ ছবিতে ‘মিস্টিক’ চরিত্রে অভিনয় করা রেবেকা রোমেইন জানান, শুটিংয়ে তার মনে হয়েছিল যেন আবার ২০-২৫ বছর আগের সেই চরিত্রে ফিরে গেছেন। তিনি বলেন, ‘এ অভিজ্ঞতা ছিল আমার জন্য অত্যন্ত অবাস্তব ও আবেগঘন।’
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিটি ২০২৬ সালের ডিসেম্বর মাসে বিশ্বব্যাপী মুক্তি পাবে।











