খুলনায় তরুণীসহ জামায়াত নেতার ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক:

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ মোনতাসিম বিল্লাহ (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।

আটক মোনতাসিম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের ছেলে। এ ছাড়া গোলাম ফারুক তালা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বলে দলীয় সূত্র জানিয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ জানান, মুজগুন্নি আবাসিক এলাকার একটি বাসা থেকে ওই যুবক ও তরুণীকে আটক করা হয়েছে। এ ঘটনায় কেএমপি অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সোমবার (২৬ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে।

খালিশপুর থানার ডিউটি অফিসার এসআই সাইদুর রহমান জানান, মোনতাসিম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি তালা উপজেলার পরানপুর গ্রামে। পড়াশোনার পাশাপাশি তিনি খুলনার মুজগুন্নি আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাসাটিতে অপরিচিত এক তরুণীর প্রবেশ দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। নিরাপত্তার কারণে তরুণীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

রবিবার রাত পৌনে ১১টায় তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের আমির বাহাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোনতাসিমের বাবা গোলাম ফারুক তালা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।