নিজস্ব প্রতিবেদক:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিরাপত্তার অংশ হিসেবে গোয়েন্দা পুলিশসহ ইউনিফর্মধারী পুলিশের মোবাইল টিম রাত ৮টা থেকে শহীদ মিনার সংলগ্ন এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে টহল শুরু করবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শহীদ মিনার এলাকায় সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিকেল ৫টা ও রাত ৯টায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে, যারা শুক্রবার দুপুর ২টা পর্যন্ত দায়িত্ব পালন করবে।’
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকারীদের জন্য কিছু নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘প্রথম প্রহর থেকেই ভিআইপিসহ জনসমাগম হবে। তাই ঢাকাবাসীকে অনুরোধ করব, রাত ১২টা ৪০ মিনিটের পর শ্রদ্ধা নিবেদনের জন্য আসতে। মোবাইল ও মানিব্যাগসহ ব্যক্তিগত মূল্যবান সামগ্রী নিজ দায়িত্বে রাখতে হবে। এছাড়া, কোনো ধারালো পদার্থ বা বিস্ফোরক দ্রব্য বহন থেকে বিরত থাকতে হবে। সবাইকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে।’
নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত শহীদ দিবস ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। জঙ্গি হামলার আশঙ্কাও নেই। শীর্ষ সন্ত্রাসীদের অনেকে জামিনে থাকলেও তারা শহীদ মিনার এলাকায় তৎপর নয়, তবে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
তিনি আরও জানান, শহীদ মিনারের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির পাশাপাশি র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।











