অনলাইন ডেস্ক:
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের গুজারা শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন। নিহতদের মধ্যে রয়েছেন ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যাবেলায় একটি যাত্রীবাহী বাস, একটি মোটরসাইকেল ও একটি জ্বালানিবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এএফপি জানিয়েছে, দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায় এবং অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, বাসটি ইরান থেকে রাজধানী কাবুলের পথে ছিল। যাত্রীরা সবাই আফগান নাগরিক এবং সম্প্রতি ইরান থেকে ফেরত আসা শরণার্থী।
পুলিশের মতে, বাসটির অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাই ছিল দুর্ঘটনার মূল কারণ। প্রথমে বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং এরপর জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ভয়াবহ বিস্ফোরণে বাসটি আগুনে পুড়ে যায়।
নিহতদের মধ্যে বাসের ৬৭ জন যাত্রী ছাড়াও রয়েছে ট্রাক চালক, তার সহকারী এবং মোটরসাইকেলের চালক ও যাত্রী। মাত্র তিনজন যাত্রী প্রাণে বেঁচে যান।
উল্লেখ্য, এসব যাত্রী ইরান সরকারের ফেরত পাঠানো আফগান শরণার্থী ছিলেন। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ৬০ হাজার আফগান শরণার্থী ইরান থেকে দেশে ফিরেছেন।
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত ব্যাপার। দুর্বল অবকাঠামো, দুর্গম সড়ক ও চালকদের বেপরোয়া আচরণের ফলে প্রাণঘাতী দুর্ঘটনার হার দিন দিন বেড়েই চলেছে। গত ডিসেম্বরে এক ট্রাক-বাস সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।











