নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল রবিবার। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই দিনটি রায়ের জন্য ধার্য করেছেন।
এর আগে, ২৪ ফেব্রুয়ারি মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষ করে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার, খন্দকার বাহার রুমি, নূর মুহাম্মদ আজমী ও রাসেল আহম্মেদ। অন্যদিকে, আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী আজিজুর রহমান দুলু, মাসুদ হাসান চৌধুরী ও মোহাম্মদ শিশির মনির।
শনিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এটি রায়ের জন্য রবিবারের কার্যতালিকায় রাখা হয়েছে।
২০১৯ সালের ৬ অক্টোবর, বাংলাদেশ ও ভারতের পানি বণ্টন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের ক্যাডাররা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে মাত্র ৩৭ দিনে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।
২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত এ মামলায় বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন। নিম্ন আদালতের রায় পর্যালোচনার জন্য ডেথ রেফারেন্স হিসেবে ২০২২ সালের ৬ জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়।
ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হলে তা অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠানো হয়, যাকে ডেথ রেফারেন্স বলা হয়। পরে কারাবন্দি আসামিরা জেল আপিল করেন এবং অনেকে ফৌজদারি আপিলও করেছেন।
গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এই ডেথ রেফারেন্স ও আপিলের বিষয়ে শুনানি শুরু হয়।











