নিজস্ব প্রতিবেদক:
সাভারের আমিন বাজারে ৪০০/২৩০ কেভি সাবস্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে সম্পূর্ণ নির্বাপনের কাজ এখনও চলছে।
এর আগে, সকাল সোয়া ৭টার দিকে পাওয়ার গ্রিডে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন জানান, আগুনটি তেল সংশ্লিষ্ট হওয়ায় নিয়ন্ত্রণে সময় লেগেছে। প্রথমে আগুন লাগা ট্রান্সফরমার শনাক্ত করে তা নির্বাপনের কাজ করা হয়। তবে আশপাশে আগুন ছড়াতে পারেনি।
তিনি আরও জানান, আগুনে কোনো হতাহত হয়নি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়নি, কারণ ব্যাকআপ ট্রান্সফরমার সক্রিয় রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে কল্যাণপুর, সাভার, মিরপুর, চামড়াশিল্প, কুর্মিটোলা ও সিদ্দিক বাজারসহ বিভিন্ন স্টেশন থেকে মোট ৯টি ইউনিট কাজ করেছে। তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।











