অনলাইন ডেস্ক:
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ৬০ বছর বয়সে পা দিয়েই এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। সম্প্রতি, তার জন্মদিনের বিশেষ আয়োজনে তিনি নিজের নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেন। মুম্বাইয়ের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে একসঙ্গে উপস্থিত হয়ে এই সম্পর্কের কথা জানান আমির খান ও গৌরী। তবে, গৌরীর ছবি প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ করেছেন তিনি।
গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের পরিচয় ২৫ বছর আগে হলেও, দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর কয়েক বছর আগে তাদের মধ্যে পুনরায় সম্পর্ক স্থাপিত হয়। বর্তমানে তারা গত ১৮ মাস ধরে একসঙ্গে রয়েছেন। সংবাদ সম্মেলনে আমির মজা করে বলেন, “দেখুন, আপনাদের কিছুই টের পেতে দেইনি!”
গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা এবং সেখানে একটি পরিচিত সেলুনের মালিক রীতা স্প্র্যাটের মেয়ে। তার বাবা তামিল এবং মা পাঞ্জাবি। গৌরী বেঙ্গালুরুর ব্লু মাউন্টেন স্কুল থেকে পড়াশোনা করেছেন এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে এফডিএ স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। বর্তমানে, তিনি মুম্বাইয়ে একটি সেলুন পরিচালনা করছেন এবং আমির খানের প্রযোজনা সংস্থাতেও কাজ করছেন।
গৌরী একটি ছয় বছর বয়সী ছেলের মা এবং আমিরের সন্তানেরাও তার সঙ্গে পরিচিত হয়েছেন। আমির জানান, তার পরিবার গৌরীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে এবং তার সাবেক স্ত্রীরাও গৌরীর সঙ্গে দারুণ সম্পর্ক গড়েছেন।
সংবাদ সম্মেলনে বিয়ের বিষয়ে প্রশ্ন করলে আমির খান বলেন, “আমি জানি না ৬০ বছর বয়সে বিয়ে করাটা শোভনীয় কিনা, তবে গৌরীকে নিয়ে আমার সন্তানরা খুশি। আর আমার সাবেক স্ত্রীদের সঙ্গেও তার দারুণ সম্পর্ক গড়ে উঠেছে।”
গৌরীও সংবাদমাধ্যমে বলেছেন, আমিরের পরিবারের কাছ থেকে তিনি দারুণ উষ্ণতা পেয়েছেন এবং এই সম্পর্ক নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী।
আমির খান এর আগে দুইবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সঙ্গে ১৯৮৬ সালে তার প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুই সন্তান, ইরা খান ও জুনাইদ খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের ঘরে একটি পুত্রসন্তান, আজাদ খান রয়েছে। ২০২১ সালে কিরণের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন আমির, তবে তাদের বন্ধুত্ব এখনো অটুট রয়েছে।
কিছুদিন ধরে বেঙ্গালুরুতে আমিরের ঘন ঘন যাতায়াত নিয়ে গুঞ্জন ছড়ালেও, এবার সেই সব গুঞ্জনের অবসান ঘটালেন আমির নিজেই। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখন আর লুকোচুরির কিছু নেই। যদি গৌরীর সঙ্গে কোথাও কফি খেতে যাই, আপনারাও আমাদের সঙ্গে আসতে পারেন!”
নতুন সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়ে আমির খান বললেন, “আমি খুবই খুশি। গৌরীও আনন্দিত। আমরা একে অপরকে বুঝতে শিখেছি এবং একসঙ্গে সুন্দর একটি জীবন কাটানোর আশা রাখছি।”











