অনলাইন ডেস্ক:
বর্তমানে মুম্বাইয়ে বসবাস করলেও কাজের প্রয়োজনে বিভিন্ন শহরে ভ্রমণ করেন কিংবদন্তি অভিনেতা কমল হাসানের কন্যা শ্রুতি হাসান। সামাজিক অনুষ্ঠান ও পার্টিতেও তাকে নিয়মিত দেখা যায়। তবে জনসমক্ষে কেউ অস্বস্তিকরভাবে সম্বোধন করলে তিনি চুপ থাকেন না। সম্প্রতি তেমনই এক ঘটনার সাক্ষী হলেন উপস্থিত সবাই।
এবার সাংবাদিকদের ওপর মেজাজ হারিয়ে খবরের শিরোনামে এলেন তিনি।
জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিরা তার ছবি তুলতে এগিয়ে যান। এ সময় এক ফটোগ্রাফার তাকে ‘মাম্মা’ বলে ডাকেন। আর তাতেই বিরক্ত হন অভিনেত্রী।
শ্রুতি সঙ্গে সঙ্গেই কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘কে মাম্মা? আমি আপনার মা নাকি? কী আজেবাজে বলছেন?’
যদিও দক্ষিণ ভারতে অনেক সময় ‘মাম্মা’ শব্দটি নারীদের প্রতি স্নেহ বা সম্মানসূচক সম্বোধন হিসেবে ব্যবহৃত হয়। তবে সেই মুহূর্তে বিষয়টি ভালোভাবে নেননি অভিনেত্রী। ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে সাময়িক বিরক্তির পর দ্রুত নিজেকে সামলে নেন শ্রুতি।
পরে হাসিমুখে পাপারাজ্জিদের দিকে হাত নেড়ে সেখান থেকে চলে যান।
বলিউড ও দক্ষিণী সিনেমা—দুই অঙ্গনেই নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন শ্রুতি হাসান। বর্তমানে বেশ কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
তাকে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘কল মি বে’–এর দ্বিতীয় সিজনে অভিনেত্রী অনন্যা পান্ডের নতুন ‘বোন’ চরিত্রে দেখা যাবে। এছাড়া সিরিজটিতে আরও রয়েছেন বীর দাস, গুরফতেহ পীরজাদা ও মিন মাথুর।
এছাড়া দুলকার সালমান ও সাত্বিকা বীরভল্লির সঙ্গে ‘আকাসামলো ওকা তারা’ সিনেমায় অভিনয় করছেন শ্রুতি। পাশাপাশি ‘সালার: পার্ট ২’–এ প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। বিজয় সেতুপতির বিপরীতে ‘ট্রেন’ নামের একটি তামিল সিনেমাতেও দেখা যাবে এই অভিনেত্রীকে।











