অনলাইন ডেস্ক:
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হতাশাজনক পরাজয়ের দিনে ম্যাচ চলাকালীন অবস্থায় বুয়েন্স আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা (এসএএমই) এই তথ্য নিশ্চিত করেছে।
জরুরি বিভাগ সূত্রে জানা যায়, মৃত দুই ব্যক্তির বয়স যথাক্রমে ৬৭ ও ৮৮ বছর। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী, গতকাল স্থানীয় সময় বিকেল ৬টা ৪০ মিনিটে মন্টসেরাট এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মাঝামাঝি এলাকায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হওয়া ৬৭ বছর বয়সী এক ব্যক্তির বিষয়ে জরুরি কল আসে। চিকিৎসকরা সিপিআর দিয়ে আপ্রাণ চেষ্টা চালালেও তাকে আর বাঁচাতে পারেনি।
এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
দ্বিতীয় ভুক্তভোগী ৮৮ বছর বয়সী এক বৃদ্ধ বিকেল ৫টা ৩৯ মিনিটের দিকে একই রকম উপসর্গে আক্রান্ত হন। চিকিৎসকেরা তাঁকে সিপিআর দেওয়ার পর ডুরান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে পাঁচ ঘণ্টারও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বুয়েন্স আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ম্যাচ চলাকালীন বিকেল ৬টা ২২ মিনিটের দিকে হাসপাতালে নেওয়া হয় ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে। বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে আসা ওই বৃদ্ধ বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এদিকে ম্যাচ শেষে আর্জেন্টিনার ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে লাখো মানুষের জমায়েত ও বিশৃঙ্খলার কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন। লাভালে ও ৯ জুলাই অ্যাভিনিউয়ের সংযোগস্থলে প্রায় চার মিটার ওপর থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির বাঁ পা ভেঙে গেছে।











