অনলাইন ডেস্ক:
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠের লড়াই শুরুর পর থেকেই সাধারণ ফুটবলপ্রেমীদের পাশাপাশি শোবিজ তারকাদের মাঝেও বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। চারদিকে এখন শুধু প্রিয় দলকে নিয়ে মাতামাতি আর চুলচেরা বিশ্লেষণ। ফুটবল বিশ্বকাপের এই রঙিন জোয়ারে গা ভাসিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শীও। তবে পড়শী নিজে ব্রাজিলের কট্টর সমর্থক হলেও, এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জন্য এক বিশেষ বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি পোস্ট করে আলবিসেলেস্তেদের প্রতি শুভকামনা জানিয়েছেন এই গায়িকা। নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে ছবিটি পোস্ট করে পড়শী লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’ পড়শীর এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তার ভক্ত-অনুরাগীরাও সেখানে নানা মন্তব্য করছেন। ব্রাজিলের সমর্থক হয়েও আর্জেন্টিনার জন্য এমন পজিটিভ বার্তা দেওয়ায় অনেকেই পড়শীর ফুটবলসুলভ মানসিকতার প্রশংসা করছেন।











