আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক: শান্তির পথে অগ্রগতির আশা

অনলাইন ডেস্ক:

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠককে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে অভিহিত করেছে ক্রেমলিন। শনিবার (১৬ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি’র বরাতে এ তথ্য জানায় বিবিসি।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৮ মিনিটে আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে এই বহুল প্রতীক্ষিত বৈঠক শুরু হয়, যা প্রায় তিন ঘণ্টা স্থায়ী ছিল। বৈঠকে শান্তির সম্ভাবনা, ইউক্রেন যুদ্ধ, এবং ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “দুই নেতাই ব্যাপক বিবৃতি দিয়েছেন, ফলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি। বৈঠকটি শান্তির পথে একসাথে অগ্রসর হওয়ার একটি ইতিবাচক সুযোগ তৈরি করেছে।”

বৈঠক শেষে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, “১০-এ ১০! পুতিনের সঙ্গে আমার দারুণ বোঝাপড়া হয়েছে। আলোচনা ছিল ফলপ্রসূ। পরবর্তী পদক্ষেপ ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের ওপর নির্ভর করছে।”

তিনি আরও জানান, ইউক্রেন-রাশিয়ার সরাসরি আলোচনায় তিনি জেলেনস্কি ও পুতিনের অংশগ্রহণের আশা করছেন।

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথ সংবাদ সম্মেলনে বলেন, তিনি যুদ্ধ বন্ধে আন্তরিক, এবং একে “একটি ট্র্যাজেডি” হিসেবে উল্লেখ করেন। যুদ্ধের মূল কারণসমূহ নিরসন করেই টেকসই শান্তি আনা সম্ভব বলে জানান তিনি।

বিশ্বের অন্যতম প্রভাবশালী দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয় আলাস্কার ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’ সামরিক ঘাঁটিতে, যা আমেরিকার মূল ভূখণ্ডের বাইরের সবচেয়ে বড় সামরিক স্থাপনা। ৬৪ হাজার একর এলাকা জুড়ে বিস্তৃত এই ঘাঁটি শুক্রবার সাক্ষী হয় ঐতিহাসিক আলোচনার।

বৈঠক শেষে পুতিন মস্কোর উদ্দেশ্যে রওনা হন এবং তার কিছু সময় পর ট্রাম্প নিজ গন্তব্যে যাত্রা করেন।

ট্রাম্প বলেন, “আমরা এখনো শেষ পর্যায়ে পৌঁছাইনি, তবে অগ্রগতি হয়েছে। সবকিছু নির্ভর করছে ইউক্রেন ও আমাদের ইউরোপীয় মিত্রদের সিদ্ধান্তের ওপর।”