ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

আয়ারল্যান্ডের চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালনায় পুরস্কৃত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

প্রকাশিত: 17 November 2026, 4:50 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ফের বাংলাদেশের সিনেমার জয়জয়কার। আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালনার জন্য ‘বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার’ জিতে নিয়েছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’-এর জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন তিনি।

গত ৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে উৎসবটির ১৪তম আসর বসেছিল। উৎসবের শেষ দিন অর্থাৎ ১৫ নভেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া ‘সাঁকোটা দুলছে’ পরিচালনার নৈপুণ্যের জন্য এই বিশেষ পুরস্কার অর্জন করে।

সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ জিহাদ। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন এবং মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। গল্পে উঠে এসেছে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও নানা সামাজিক বিধি-নিষেধের চিত্র। প্রতিকূল বাস্তবতার মধ্যে নারীদের নিজস্ব পরিচয় ও স্বাধীনতার আকাঙ্ক্ষাই সিনেমাটির মূল উপজীব্য হিসেবে ফুটে উঠেছে।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র ও জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। সিনেমাটির প্রযোজক মনোজ প্রামাণিক এবং সহযোগী প্রযোজক হিসেবে রয়েছেন ক্রিস্টোফ থোকে। এতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি।

এর আগে চলতি বছর সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু করে সিনেমাটি। এরপর পোল্যান্ড, মিসরসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এটি। আন্তর্জাতিক উৎসবের মঞ্চে একের পর এক স্বীকৃতি পাচ্ছে ‘সাঁকোটা দুলছে’। আয়ারল্যান্ডের এই পুরস্কারসহ এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে তিনটি পুরস্কার অর্জন করেছে চলচ্চিত্রটি।

মন্তব্য করুন