ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ড হিসেবে আসছেন রবার্ট প্যাটিনসন

প্রকাশিত: 17 November 2026, 4:47 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিতে আইকনিক ০০৭ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হয়ে তিনি হতে চলেছেন এই ঐতিহাসিক চরিত্রে অভিনয় করা সপ্তম অভিনেতা।

সোমবার (১৬ নভেম্বর) জেমস বন্ডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এই ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার আগে এক্স ও ইনস্টাগ্রামে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির আগের সব পোস্ট সরিয়ে ফেলা হয় এবং এরপর সেখানে ‘আইডেন্টিটি কনফার্মড’ বার্তাটি প্রকাশ করা হয়।

এর পরপরই চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান প্যাটিনসনের একটি ছবি প্রকাশ করে, যেখানে তাকে জেমস বন্ডের পরিচিত কালো টাক্সেডো পরিহিত অবস্থায় দেখা যায়। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্যাটিনসনের এই যুক্ত হওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই চরিত্রের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে।

নতুন এই গুরুদায়িত্ব পেয়ে নিজের চরম উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৪০ বছর বয়সী অভিনেতা রবার্ট প্যাটিনসন। এক বিবৃতিতে তিনি বলেন, জেমস বন্ড চলচ্চিত্রের অন্যতম এক কিংবদন্তি চরিত্র এবং ০০৭ হওয়ার এই দায়িত্ব পাওয়া তার জীবনের অন্যতম বড় সম্মান। এই চরিত্রে অভিনয় করা তার কাছে স্বপ্নপূরণের চেয়েও অনেক বেশি কিছু।

দীর্ঘদিন ধরে চলা এক বাছাইপ্রক্রিয়া শেষে শেষ পর্যন্ত প্যাটিনসনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। জানা গেছে, এই চূড়ান্ত তালিকায় জশ ও’কনর ও ক্যালাম টার্নারসহ আরও পাঁচজন অভিনেতা ছিলেন। গত শুক্রবার থেকেই প্যাটিনসনের নাম জোরালোভাবে আলোচনায় আসে এবং প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তার অনুকূলে চুক্তির শর্ত থাকার খবর প্রকাশের পর বন্ড হিসেবে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়।

উল্লেখ্য, ড্যানিয়েল ক্রেগের শেষ জেমস বন্ড চলচ্চিত্র ছিল ‘নো টাইম টু ডাই’। ২০২১ সালে মুক্তি পাওয়া ওই ছবিটির মাধ্যমেই ০০৭ চরিত্রে তার পাঁচ পর্বের বর্ণাঢ্য যাত্রার সমাপ্তি ঘটেছিল। এর আগে ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ ছবির মধ্য দিয়ে বন্ড হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছিল ক্রেগের, যার মধ্যে তার অভিনীত ‘স্কাইফল’ বিশ্বজুড়ে ১১০ কোটি ডলারের ব্যবসা করেছিল।

অভিনেতা রবার্ট প্যাটিনসনের অভিনীত পরবর্তী এই বন্ড ছবিটি হতে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির ২৬তম আনুষ্ঠানিক চলচ্চিত্র। তবে ১৯৬৭ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ এবং ১৯৮৩ সালের ‘নেভার সে নেভার এগেইন’ নামের দুটি অনানুষ্ঠানিক ছবি যুক্ত করলে এই সংখ্যা দাঁড়াবে ২৮টিতে।

নাম এখনও চূড়ান্ত না হওয়া এই নতুন ছবিটি হতে চলেছে অ্যামাজন-এমজিএম স্টুডিওর অধীনে নির্মিত প্রথম জেমস বন্ড চলচ্চিত্র। মূলত ২০২৫ সালে এক বিলিয়ন ডলারের বেশি অর্থের বিনিময়ে বারবারা ব্রকলি ও মাইকেল জি উইলসনের কাছ থেকে এই সিরিজটির স্বত্ব কিনে নেয় জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি।

আসন্ন এই ছবিটি পরিচালনা করবেন প্রশংসিত ‘ডিউন’ সিরিজের পরিচালক ডেনিস ভিলেন্যুভ। এছাড়া ছবিটির চিত্রনাট্য লিখছেন জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা স্টিভেন নাইট এবং এর প্রযোজনার দায়িত্বে থাকছেন ডেভিড হেইম্যান ও অ্যামি প্যাসকাল।

উল্লেখ্য, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ চলচ্চিত্রে সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয়ের মাধ্যমে ২০০৫ সালে প্রথম দর্শকদের নজর কাটেন প্যাটিনসন। পরবর্তীতে ‘টোয়াইলাইট’ সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেনের চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন এবং ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ চলচ্চিত্রে জনপ্রিয় ব্যাটম্যান চরিত্রেও দক্ষতার সঙ্গে অভিনয় করেন।

এখন পর্যন্ত জেমস বন্ড চরিত্রে বড় পর্দায় অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসন্যান এবং ড্যানিয়েল ক্রেগ। প্রসঙ্গত, ১৯৬২ সালে ‘ড. নো’ চলচ্চিত্রের মাধ্যমে শন কনারির হাত ধরেই চলচ্চিত্র জগতে জেমস বন্ডের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল।

এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত আনুষ্ঠানিক জেমস বন্ড চলচ্চিত্রগুলো বিশ্বজুড়ে সব মিলিয়ে প্রায় ৭৮০ কোটি ডলারের ব্যবসা করেছে। চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ আয় করা সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর তালিকায় এটি বর্তমানে পঞ্চম অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন