ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করছে অভিবাসীরা

অনলাইন ডেস্ক:

২০২৫ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা অভিবাসীদের সংখ্যা রেকর্ড গড়েছে। মাত্র কয়েক মাসে ৪ হাজারেরও বেশি মানুষ ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে, এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। সম্প্রতি দ্য গার্ডিয়ান পত্রিকা এক প্রতিবেদনে জানায়, গত মার্চ মাসের প্রথম ৯ দিনে ২ হাজার ৭৫ জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে।

বিশ্লেষকরা বলছেন, এই প্রবাহ যদি অব্যাহত থাকে, তাহলে ২০২৫ সালে এক লাখেরও বেশি মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারে, যা হবে ইতিহাসে সর্বোচ্চ। গত ২ মার্চ একদিনেই ৫৯২ জন এবং গত রোববার ২৩৭ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে।

লিংকন চেম্বারস সলিসিটরের প্রিন্সিপাল ব্যারিস্টার নাজির আহমেদ গার্ডিয়ানকে বলেন, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা ফ্রান্সের মাধ্যমে নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করছে। প্রতিবছর এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বিপজ্জনকভাবে নৌকায় অভিবাসীর প্রবাহ ঠেকাতে, গত বৃহস্পতিবার যুক্তরাজ্য ও ফ্রান্স একটি নতুন ‘রোডম্যাপ’ চুক্তি সই করেছে, যার মাধ্যমে মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে, অতীতে নেয়া পদক্ষেপগুলোর বাস্তব প্রতিফলন হয়নি বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

অভিবাসন বিশ্লেষকরা সতর্ক করেছেন, যদি এই প্রবাহ অব্যাহত থাকে, তাহলে যুক্তরাজ্যের অর্থনীতি ও সেবাখাতে বিশেষ করে বিদ্যালয় ও হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে।