নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগ মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বেশ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা শাহবাগের প্রধান সড়ক অবরোধ করেন।
এর ফলে শাহবাগসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং নগরবাসী চরম ভোগান্তিতে পড়ে। যানজট নিরসনে কাঁটাবন, মৎস্য ভবন এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রাস্তা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।
আন্দোলনকারীদের পক্ষে দুপুর ১২টার পর ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ এর সভাপতি ওয়ালি উল্লাহ এবং সহসভাপতি শাকিল আহমেদ সংবাদ ব্রিফিং করে সরকারের প্রতি বেলা ১টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। তাঁরা জানান, দাবি না মানা হলে সচিবালয়ের দিকে অগ্রসর হবেন।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, “আমাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ অবরোধ করেছি। প্রয়োজনে আন্দোলনের পরিসর বাড়বে।”
আন্দোলনকারীদের প্রধান ৩ দফা দাবি:
১. সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং’ হতে হবে।
২. দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ১০০% কোটা বাতিল করে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতে হবে ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং’। সেইসঙ্গে এই পদে বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীদের আবেদন করতে দিতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।











