ইতালিতে মাফিয়াবিরোধী অভিযানে ১৮১ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

ইতালির পালেরমো শহরে সিসিলীয় মাফিয়া গ্যাংয়ের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে ১৮১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযানে মাফিয়া সংগঠন ‘কোসা নস্ত্রা’-র সংশ্লিষ্টদের মধ্যে উচ্চপদস্থ বসসহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার শুরু হওয়া এই অভিযানে ১২০০ পুলিশ কর্মকর্তা অংশ নিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সিসিলিতে সংগঠিত অপরাধ দমন এবং মাফিয়াদের পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত রাখার জন্য চলমান প্রচেষ্টার অংশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০ কেজির বেশি বিভিন্ন মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।

এই অভিযানে গ্রেপ্তারকৃতরা পালেরমো এবং আশপাশের এলাকায় সক্রিয় একাধিক মাফিয়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। সন্দেহভাজনদের বিরুদ্ধে মাফিয়া সমিতি, হত্যাচেষ্টা, মাদক পাচার, চাঁদাবাজি, অবৈধ জুয়া এবং অস্ত্র অপরাধসহ একাধিক অভিযোগ রয়েছে।

সিসিলির কুখ্যাত অপরাধী সংগঠন ‘কোসা নস্ত্রা’ ১৯৮০ ও ১৯৯০-এর দশকে ইতালিতে ভয়াবহ ত্রাস সৃষ্টি করেছিল। বহু বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, তবে তদন্তকারীরা জানিয়েছেন, এই সংগঠন এখনও সক্রিয় এবং তাদের প্রভাব পুনরুদ্ধারের চেষ্টা করছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্স পোস্টে লিখেছেন, “মাফিয়াদের অবশ্যই দৃঢ়তার সঙ্গে এবং কোনো আপস ছাড়াই পরাজিত করতে হবে।” তিনি আইন প্রয়োগকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এরা প্রতিদিন নাগরিকদের সুরক্ষা রক্ষায় কাজ করছে।” ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেছেন, “আমরা দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছি। মাফিয়াদের অবশ্যই পরাজিত করা উচিত।”