অনলাইন ডেস্ক:
ইথিওপিয়ার মধ্যাঞ্চলে শুক্রবার ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ইথিওপিয়ার বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল অঞ্চল, ওরোমিয়ার কাছে অনুভূত হয়, যেখানে প্রায় পাঁচ লাখ লোক বসবাস করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এবং ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)। তবে ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
স্থানীয়রা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানাচ্ছেন। এই ভূমিকম্পের আগে, গত কয়েক মাস ধরে আফার এবং ওরোমিয়া অঞ্চলে আগ্নেয়গিরির কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, যার কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
গত ডিসেম্বরে, আফার এবং ওরোমিয়া অঞ্চলে ছোটখাটো ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বলক্ষণ দেখা গেছে।
সূত্র: রয়টার্স, আল-অ্যারাবিয়া











