ইন্টারনেটের দামে তিন স্তরে বড় ছাড়, মোবাইল কোম্পানিগুলোকেও কমানোর আহ্বান

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দেশে তিন স্তরে ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ফাইবার অ্যাট হোম’ আইসিটি এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পর্যায়ে ১০ শতাংশ এবং ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫ শতাংশ হারে দাম কমানোর ঘোষণা দিয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ় তাইয়েব আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ইতোমধ্যেই সকল আইআইজি ও আইএসপি গ্রাহকদের জন্য ১০ শতাংশ এবং পাইকারি গ্রাহকদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ, সর্বমোট ২০ শতাংশ ইন্টারনেট দাম কমিয়েছে।

তিনি আরও জানান, আইএসপি অ্যাসোসিয়েশন ৫০০ টাকায় ৫ এমবির পরিবর্তে এখন ১০ এমবি ইন্টারনেট নিশ্চিত করেছে। মোবাইল সেবাদাতা তিনটি বেসরকারি কোম্পানিকেও ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছে সরকার।

ফাইজ় তাইয়েব বলেন, সরকার এরই মধ্যে মোবাইল কোম্পানিগুলোর জন্য DWDM সুবিধা ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে। ফলে এখন ইন্টারনেট দাম না কমানোর কোনো যৌক্তিকতা নেই।

তিনি আশা প্রকাশ করেন, এই পদক্ষেপ চলমান মূল্যস্ফীতিতে খানিকটা হলেও স্বস্তি আনবে এবং মোবাইল কোম্পানিগুলোও শিগগিরই তাদের সেবার মূল্য কমানোর ঘোষণা দেবে।