অনলাইন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ সম্প্রতি তার ক্যারিয়ার নিয়ে কিছু পুরনো স্মৃতি এবং অভিযোগ শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন যে, বলিউডে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল এবং তাকে ইন্ডাস্ট্রি থেকে সরানোর চেষ্টা হয়েছিল।
কয়েকদিন আগে মুকেশ খান্নার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, “আমি মানহানির পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, এবং এটি ছিল পূর্বপরিকল্পিত। ইন্ডাস্ট্রিতে তারা আমাকে সরিয়ে দিতে চেয়েছিল। আমি বুঝতে পারছিলাম তারা সবাই শিক্ষিত, কিন্তু আমি অশিক্ষিত এবং বহিরাগত হয়ে তাদের জায়গায় প্রবেশ করেছি। তাই তারা আমার সঙ্গে খেলা খেলতে শুরু করেছিল। আমি তাদের নাম বলতে পারছি না, তবে কাজের কারণে আমি এখনো ইন্ডাস্ট্রিতে টিকে আছি।”
গোবিন্দ আরও জানান, তার ক্যারিয়ারে এমনও সময় এসেছিল যখন তিনি ১০০ কোটি রুপির সিনেমার প্রজেক্ট ফিরিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, “তারা যখন লিখছিল, ‘গোবিন্দের কাজ নেই’, তখন আমি ১০০ কোটি রুপির সিনেমার কাজ প্রত্যাখ্যান করেছি। সেই টাকা ফিরিয়ে দেওয়ার পর আয়নার দিকে তাকিয়ে নিজেকে থাপ্পড় মারতাম। নিজেকে বলতাম, ‘তুমি পাগল হয়ে গেছো, এই অর্থ তুমি নিজের জন্য খরচ করতে পারতে।’ তবে আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম। নিজের প্রতি সৎ থাকা এবং বিবেকের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ।”
গোবিন্দ ১৯৮০ দশকের মাঝামাঝি সময়ে বলিউডে পা রাখেন। তার প্রথম সিনেমা ইলজাম এবং দ্বিতীয় সিনেমা লাভ ৮৬ মুক্তি পায় এবং দুটি সিনেমাই সফল হয়। এরপর রাজা বাবু, কুলি নম্বর ১, হিরো নম্বর ১, সাজন চলে সসুরাল সহ আরও অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি বলিউডে নিজের জায়গা তৈরি করেন।











