ইন্দোনেশিয়ায় রমজান মাসে বিমান ভাড়া ও মহাসড়কের টোল কমানোর নির্দেশ প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক:

পবিত্র রমজান মাস উপলক্ষে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো অভ্যন্তরীণ যাত্রীদের বিমান ভাড়া কমানো এবং বেশ কয়েকটি প্রধান মহাসড়কে টোল কমানোর জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। খবরটি দিয়েছে সিনহুয়া।

বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় শনিবার (১ মার্চ) থেকে রমজান মাস শুরু হচ্ছে। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইন্দোনেশীয়রা তাদের পরিবারের কাছে ফিরে যান, যা তাদের ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় ভাষায় একে ‘মুদিক’ বলা হয়।

জাকার্তা এবং সুরাবায়ার মতো প্রধান শহরগুলোতে ঈদের আগে বাড়ি ফেরার ভিড় বিশেষত তীব্র হয়। এসময় ট্রেন স্টেশন এবং বিমানবন্দরগুলোতে ভিড় হয় এবং মহাসড়কগুলোতে যানজট সৃষ্টি হয়।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে এবং প্রধান মহাসড়কের টোল কমানো হবে।

লোকজনের মুদিক অভিজ্ঞতা সহজ এবং আরামদায়ক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট আরও বলেন, ‘মুসলিম সম্প্রদায়ের রোজা রাখার এবং ছুটি উদযাপনের ক্ষেত্রে সহায়তা করতে সরকারের পক্ষ থেকে কোনো ত্রুটি থাকবে না।’