ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের ওপর জাতিসংঘের চাপ
অনলাইন ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি ও আটক রাখার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি পাকিস্তান সরকার ও বিরোধী দলকে রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।
সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে ভলকার তুর্ক বলেন, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরির একটি নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। তিনি স্পষ্টভাবে বলেন, আমি ইমরান খানের মুক্তি চাই এবং তার যথাযথ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানাই। এই সংকটময় পরিস্থিতি নিরসনে রাজনৈতিক উত্তেজনা কমানো এখন সময়ের দাবি।
৭৪ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তার স্বাস্থ্যঝুঁকি ও কারাগারে চিকিৎসার সুযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েই চলেছে। এর আগে ইমরানের ছেলে কাসিম খান আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে পাকিস্তানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সহিংসতা ও দমন-পীড়নের গুরুতর অভিযোগ তুলেছেন।
এক্সে দেওয়া পোস্টে কাসিম খান লেখেন, সেনাপ্রধান আসিম মুনির ও তার শাসকগোষ্ঠী যুক্তির তোয়াক্কা করে না। তারা ইচ্ছামতো হত্যা, অপহরণ ও নির্যাতন চালাচ্ছে। আমার বাবাকে হত্যার আগেই পাকিস্তানের বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই নেতাকে রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ইমরান খানের স্বাস্থ্য ও তাকে আটক রাখার পরিবেশ নিয়ে জরুরি হস্তক্ষেপ চেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি জানিয়েছে, পরিবারের সদস্য, চিকিৎসাসেবা ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে ২০২৬ সালের আগস্টে বোনের সঙ্গে দুটি সাক্ষাৎ ছাড়া পরিবারের কারও সঙ্গে দেখা করার সুযোগ পাননি ইমরান। এমনকি ২০২৬ সালের মার্চের পর থেকে ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার অনুমতিও তাকে দেওয়া হয়নি।
একাকী কারাবাস ও বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখার বিষয়েও গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। তাদের আশঙ্কা, এ ধরনের পরিস্থিতি ইমরানের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি করতে পারে। ইমরানের রক্তচাপজনিত গুরুতর জটিলতার কথা উল্লেখ করে অ্যামনেস্টি জানায়, গত আগস্টে সুপ্রিম কোর্ট তাকে বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলেও কর্তৃপক্ষ তাকে স্বাধীন চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ দেয়নি বলে অভিযোগ রয়েছে।
ইমরানের স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, বুশরা বিবির চোখের একটি জটিল সমস্যায় পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না, যা তার দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি তৈরি করছে।
অ্যামনেস্টি আরও বলেছে, আটক দম্পতির সঙ্গে কর্তৃপক্ষের এই আচরণ নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এই অনুচ্ছেদে আটক ব্যক্তিদের মানবিক মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণের বাধ্যবাধকতা রয়েছে।
লাহোরের কোট লাখপত কারাগারে আটক ইমরানের বোন আলিমা খানের মুক্তিও দাবি করেছে সংস্থাটি। তাদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২০ ও ২১ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পরিকল্পিত পদযাত্রাকে কেন্দ্র করে ইমরানের আরও তিন বোনকে আটক করা হয়েছিল।
গত ১৬ নভেম্বর পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে খোলা চিঠি লিখেছিলেন ইমরান খান। এতে তিনি জরুরি চিকিৎসা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান। চিঠিতে তার অভিযোগ, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত তাকে নির্যাতনমূলক একাকী কারাবাসে রাখা হয়েছে।
