পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ তিন তারকা
অনলাইন ডেস্ক:
মাত্র এক বছর আগেও যিনি পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন, সেই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ১৩ মাসের ব্যবধানে দলটির কেন্দ্রীয় চুক্তি থেকেই ছিটকে পড়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার তাদের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যেখানে রিজওয়ানের পাশাপাশি দলটির আরও দুই বড় তারকা বড় ধরণের ধাক্কা খেয়েছেন।
বাদ পড়ার এই তালিকায় নাম রয়েছে আরেক সাবেক অধিনায়ক শান মাসুদের। গত জুলাই মাসেই অধিনায়কত্ব হারানো এই ক্রিকেটার মাত্র চার মাসের ব্যবধানে এবার কেন্দ্রীয় চুক্তিও হারিয়েছেন। এই দুর্ভাগাদের তালিকায় নাম লিখিয়েছেন ওপেনার সাইম আয়ুবও। এছাড়া হাসান আলী, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত ও আব্বাস আফ্রিদিরাও পিসিবির এবারের এই চুক্তিতে কোনো জায়গা পাননি।
শনিবার সকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৩৮ জন ক্রিকেটারের নাম উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেছে। এবারের এই তালিকায় কেবল খেলোয়াড়দের নামই নয়, বরং বোর্ডের পুরো বেতন কাঠামোতেই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে এবং তা সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে।
আগের প্রচলিত ক্যাটাগরিভিত্তিক কাঠামোর পদ্ধতি বাদ দিয়ে এবার সম্পূর্ণ নতুন ফরম্যাটভিত্তিক চুক্তি চালু করেছে বোর্ড। নতুন এই ব্যবস্থায় মোট ৫টি ক্যাটাগরি রাখা হয়েছে, এগুলো হলো— এ (শুধু টেস্ট), এবি (টেস্ট ও ওয়ানডে), বিসি (ওয়ানডে ও টি-টোয়েন্টি), সি (শুধু টি-টোয়েন্টি) এবং ডি (উদীয়মান)। পিসিবির ঘোষণা অনুযায়ী, নতুন এই চুক্তির মেয়াদ অবশ্য খুব দীর্ঘ নয়; আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে এই চুক্তি কার্যকর থাকবে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত।
পিসিবির সদ্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তির পূর্ণাঙ্গ তালিকায় এবি (টেস্ট ও ওয়ানডে) ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাবর আজম ও সালমান আগা। এ (টেস্ট) ক্যাটাগরিতে আছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সাউদ শাকিল। বি-সি (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি। সি (টি-টোয়েন্টি) ক্যাটাগরিতে নাম রয়েছে হাসান নওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিকের। এছাড়া ডি (ডেভেলপমেন্ট) ক্যাটাগরিতে রাখা হয়েছে আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলি রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, তায়েব আরিফ, গাজি ঘোরি, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম ও উবাইদ শাহকে।
