রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হলেন রাফায়েল নাদাল
অনলাইন ডেস্ক:
অবসরপ্রাপ্ত টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ক্লাবের সাধারণ সভায় তার এই নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী নাদাল ২০১১ সাল থেকে ক্লাবটির সম্মানসূচক সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।
পরিচালনা পর্ষদে নিজের অন্তর্ভুক্তি নিয়ে রাফায়েল নাদাল বলেন, আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আপনি যখন আমাকে সম্মানসূচক সদস্য করেছিলেন, সেটি ছিল অত্যন্ত একটি বিশেষ মুহূর্ত; আর আজকের দিনটি আরও এক ধাপ এগিয়ে যাওয়ার।
তিনি আরও যোগ করেন, আমার জন্য এটি এক বিশাল দায়িত্ব। রিয়াল মাদ্রিদ প্রজন্ম থেকে প্রজন্মে—বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের কাছে ছড়িয়ে পড়ে। এটি মানুষকে একসূত্রে গাঁথে। এখন এমন একটি সুযোগ পাওয়া আমার জন্য বিশাল প্রাপ্তি।
টেনিস তারকার এই নতুন দায়িত্বে আসার পর ক্লাবের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি বলেন, তার এই যুক্ত হওয়া কেবল একজন অসাধারণ ব্যক্তিত্বকে দলে নেওয়ার মতো বিষয় নয়; এর অর্থ হলো অন্যতম সেরা এক কিংবদন্তি আমাদের সঙ্গে ভবিষ্যৎ গড়তে চান। আমি নিশ্চিত, আগামী প্রজন্মের জন্য আমরা যে রিয়াল মাদ্রিদ গড়ে তুলতে চাই, সেটি বাস্তবায়নে তার উপস্থিতি বড় ভূমিকা রাখবে।
বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন একক শিরোপা জিতেছেন ৪০ বছর বয়সী নাদাল। ২০২৩ সালে তিনি জানিয়েছিলেন, একদিন রিয়াল মাদ্রিদের সভাপতি হওয়ার ইচ্ছা তার রয়েছে, তবে সেই পদের জন্য তিনি যোগ্য কিনা তা নিয়ে তিনি সন্দিহান ছিলেন। চলতি বছর ক্লাব নির্বাচনের আগে সভাপতি পদে প্রার্থী হওয়ার গুঞ্জন থেকে নিজেকে দূরে রেখেছিলেন এই স্প্যানিশ তারকা। গত জুনে এনরিকে রিকুয়েলমেকে হারিয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেরেজ।
