ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ

প্রকাশিত: 22 June 2025, 12:37 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এই হামলাকে “বিপজ্জনক উত্তেজনার বিস্তার” হিসেবে উল্লেখ করে বলেন, এটি মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে আরও ঘনীভূত করবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করতে পারে।

রবিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগে আমি অত্যন্ত উদ্বিগ্ন। চরম অস্থিতিশীলতায় থাকা একটি অঞ্চলে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।”

জাতিসংঘ মহাসচিব সতর্ক করেন, এই সংঘাত দ্রুতই নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে পারে এবং তার পরিণতিতে সাধারণ নাগরিক থেকে শুরু করে পুরো অঞ্চল ও বিশ্বজুড়ে বিপর্যয় নেমে আসতে পারে।

তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সংঘাত এড়িয়ে কূটনৈতিক পথে ফিরে যাওয়ার আহ্বান জানান এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি দায়বদ্ধতা পালনের গুরুত্ব স্মরণ করিয়ে দেন।

এর আগে একই দিনে স্থানীয় সময় ভোরে ইরানের ফোরদো, ইসফাহান ও নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “আমরা সফলভাবে এই হামলা পরিচালনা করেছি।”

তবে ইরান জানিয়েছে, হামলার পরও পারমাণবিক কার্যক্রম বন্ধ না করে আরও দৃঢ়ভাবে চালিয়ে যাবে তারা।

গত এক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার সেই অভিযানে সরাসরি যুক্ত হলো যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তা পরিস্থিতিকে গভীরভাবে নাড়িয়ে দিতে পারে।

এদিকে ট্রাম্পের এই সামরিক পদক্ষেপকে নিয়ে তার নিজ দল রিপাবলিকানদের ভেতর থেকেও সমালোচনা উঠেছে। যুদ্ধবিরোধী প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অনেকেই।

মন্তব্য করুন