ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হলেও সময় নিয়ে বিভ্রান্তি
অনলাইন ডেস্ক:
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে উভয় দেশের সংবাদমাধ্যম। তবে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট সময় ও শর্ত নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) ইরানি ও ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার আনুমানিক ছয় ঘণ্টা পর, অর্থাৎ ইস্টার্ন টাইম রাত ১২টার কিছু পর যুদ্ধবিরতি কার্যকর হয়।
সিএনএনের খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে প্রেস টিভি জানায়, ইসরায়েল অধিকৃত অঞ্চলে ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি শুরু হয়েছে।
তাসনিম নিউজ এজেন্সি তাদের টেলিগ্রামে জানায়, “যুদ্ধবিরতি এখন কার্যকরের পর্যায়ে।” একই তথ্য দিয়েছে ইসরায়েলের চ্যানেল ১২ ও ওয়াইনেট।
তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এর আগে দাবি করেছিল, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে দেওয়া সামরিক প্রতিক্রিয়ার পর ইরান “শত্রুর ওপর যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছে।” যদিও নির্দিষ্ট সময় তখনো জানানো হয়নি।
অন্যদিকে, ইসরায়েলি সরকার এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকদের মতে, পারস্পরিক বার্তা ও সময়ের ব্যবধানের কারণে যুদ্ধবিরতির শুরু ঘিরে আন্তর্জাতিকভাবে বিভ্রান্তি তৈরি হয়েছে।
