ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন, নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা চালুর পথে রাশিয়া

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনকুবের ইলন মাস্ককে প্রতিভাবান বা ‘জিনিয়াস’ হিসেবে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাশিয়া যখন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেমের নিজস্ব বিকল্প সংস্করণ তৈরির কাজ করছে, তখন তিনি মাস্কের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।

যুদ্ধক্ষেত্রে ড্রোন অভিযান ও যোগাযোগ রক্ষায় স্টারলিংক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। ইউক্রেন এর আগে অভিযোগ করেছিল যে স্টারলিংকের কম গতিসীমার কারণে রুশ আক্রমণাত্মক ড্রোনগুলো প্রতিহত করার ক্ষমতা তাদের ব্যাহত হয়েছে এবং কিছু অভিযান বাতিল করতে হয়েছে।

এই অভিযোগের মাঝেই ৩০টি সরকারি স্যাটেলাইট উৎক্ষেপণের একটি উপস্থাপনা দেখার সময় পুতিন ইলন মাস্কের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে একজন সত্যিকারের জিনিয়াস বলে উল্লেখ করেন।

এদিকে পুতিনের এই মন্তব্যের মধ্যেই মস্কোয় তীব্র ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রুশ রাজধানী ও এর আশেপাশের এলাকায় রাতভর ধেয়ে আসা ৬১৩টি ড্রোনের বেশির ভাগই ভূপাতিত করা হয়েছে। তবে এই হামলার কারণে নিরাপত্তার স্বার্থে মস্কোর ভনুকোভো, ডোমোডেডোভো এবং ঝুকোভস্কি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দক্ষিণ ইউক্রেনে বুধবার (২৮ অক্টোবর) টানা দ্বিতীয় দিনের মতো স্থানীয় যুদ্ধবিরতি কার্যকর ছিল। ইউক্রেনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা দিমিত্রো লুবিনেটস জানিয়েছেন, ওলেশকিতে যুদ্ধবিরতির ৩০ ঘণ্টা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কেটেছে, তবে সেখানে এখনো আনুমানিক ২০০০ মানুষ অবরুদ্ধ অবস্থায় আটকা পড়ে আছেন।