নিজস্ব প্রতিবেদক:
ঢাকার একটি আদালত বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করেছে। প্রায় পাঁচ বছর আগে অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে আদালত এই রায় দিয়েছেন।
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল-১৫-এর বিচারক মো. নুরুল ইসলাম এই আদেশ দেন। আদালত একই সঙ্গে নৌকা প্রতীকের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণা করেন। তাপসকে নির্বাচিত মেয়র হিসেবে সরকার যে গেজেট প্রকাশ করেছিল, সেটিও বাতিল বলে সিদ্ধান্ত দিয়েছেন আদালত।
২০২০ সালের ৩ মার্চ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ফজলে নূর তাপসের প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন ডিএসসিসির নির্বাচন ও ফল বাতিল চেয়ে মামলা করেছিলেন।
রায়ের প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, “আমরা ন্যায়বিচার পেয়েছি, এটা হলো মূল বিজয়। আমি মেয়র হতে পারব কিনা বা শপথ নেব কিনা, সেটা সম্পূর্ণ দলীয় বিষয়।”











