অনলাইন ডেস্ক:
ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার ইরান তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে। রয়্যা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হামলায় প্রাথমিকভাবে আনুমানিক ৩০টি রকেট ছোড়া হয়েছে।
এই ক্ষেপণাস্ত্র হামলা মূলত ইসরায়েলের কৌশলগত স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো পাওয়া যায়নি, তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ তীব্রতর হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং জনগণকে সুরক্ষিত স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। আইডিএফ বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ফোরদো, নাতানজ ও ইসফাহান এলাকায় ইরানের পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ পর ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি আঞ্চলিক বা বৃহত্তর যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
একই সময়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের তেল আবিবসহ ১০টি স্থানে ইরানের রকেট ও শার্পনেল আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।











